বিদেশি পর্যটকদের জন্য টিকা বাধ্যতামূলক করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার অংশ হিসেবে দেশটিতে গমনেচ্ছু প্রায় সব বিদেশি ভ্রমণকারীদের জন্য টিকা বাধ্যতামূলক করার একটি পরিকল্পনা তৈরি করছে বাইডেন প্রশাসন, হোয়াইট হাউজের একজন কর্মকর্তা এমনটি জানিয়েছেন। কোভিড-১৯ মহামারির মধ্যে আরোপ করা ঐ ভ্রমণ নিষেধাজ্ঞার জন্য বিশ্বের অধিকাংশ দেশের নাগরিকরাই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারছেন না।

ঐ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিতে চায়, তাতে এয়ারলাইনস ও পর্যটন শিল্প ফের চাঙ্গা হয়ে উঠবে, কিন্তু কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় ও করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে নিষেধাজ্ঞা এখনই তুলে নেওয়ার জন্য প্রস্তুত নন তারা। তিনি বলেন, ‘বাইডেন প্রশাসনের আন্তঃসংস্থা ওয়ার্কিং গ্রুপগুলো কখন আমরা আবার ভ্রমণ উন্মুক্ত করে দিতে পারব তার জন্য একটি নতুন পদ্ধতি প্রস্তুত করছে, এতে পর্যায়ক্রমিক একটি পদ্ধতি রাখা হয়েছে যেখানে কিছু ব্যতিক্রম ছাড়া যু্ক্তরাষ্ট্রে ভ্রমণেচ্ছু সব বিদেশি (সব দেশ থেকে) নাগরিকদের পূর্ণ টিকা দিয়ে আসতে হবে।’ কোভিড-১৯-এর বিস্তার ঠেকাতে ২০২০ সালের জানুয়ারিতে প্রথম চীনের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র। পরে ঐ তালিকায় আরো বিভিন্ন দেশকে যুক্ত করা হয়, সর্বশেষ চলতি বছরের মে মাসে ভারতকেও তাতে অন্তর্ভুক্ত করা হয়। অনাকাঙ্ক্ষিত ঐ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার একটি পথ হোয়াটই হাউজ দেখতে পাচ্ছে, এখন পর্যন্ত ঐ কর্মকর্তার মন্তব্যই এ বিষয়ে সবচেয়ে জোরালো ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে। কীভাবে ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করবে এই আলোচনার অংশ হিসেবে হোয়াইট হাউজ বিদেশি ভ্রমণার্থীদের জন্য টিকা ব্যধতামূলক করার কথা বিবেচনা করছে, গত মাসে এমন প্রতিবেদন করেছিল হোয়াইট হাউজ। হোয়াইট হাউজের ঐ কর্মকর্তা আরো বলেছেন, ‘কখন নতুন ব্যবস্থায় যাওয়ার সঠিক সময় তা নির্ধারণে ওয়ার্কিং গ্রুপগুলো একটি নীতি ও পরিকল্পনা প্রক্রিয়া প্রস্তুত করছে।’