বর্তমানে ‘দোস্তানা টু’, ‘গুডলাক জেরি’ ও তামিল ‘কোলামাভু কোকিলা’ সিনেমাগুলো নিয়ে আলোচনায় রয়েছেন বলিউড তারকা জাহ্নবি কাপুর। এরইমাঝে মালায়লাম ‘হেলেন’ সিনেমার হিন্দি রিমেকের খবরে শিরোনামে আসেন তিনি। তখন থেকেই তার ভক্তদের অপেক্ষা ছিল কবে শুটিংফ্লোরে গড়াচ্ছে সিনেমাটি। গত জুনে সিনেমাটির শুটিং শুরুর কথা থাকলেও করোনার কারণে সিডিউল বিপর্যয় ঘটে। তবে এবার সেই প্রতীক্ষার অবসান ঘটলো। সিনেমাটির শুটিং শুরু করেছেন জাহ্নবি। সিনেমাটির প্রথম লটের শুটিং ভারতে শুরু হলেও বেশকিছু অংশের কাজ দেশের বাইরে করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। জানা গেছে, জাহ্নবির বাবা বনি কাপুর প্রযোজিত এই সিনেমাতে তাকে মিলি নামের একটি চরিত্রে দেখা যাবে। তবে সুপারহিট একটি সিনেমার রিমেক হওয়ায় দর্শকদের বাড়তি আগ্রহ থাকায় বেশ চাপে রয়েছেন এই অভিনেত্রী। জাহ্নবি বলেন, ‘যেকোনো সুপারহিট সিনেমার রিমেকে অভিনয় করাই কঠিন। কারণ আগের সিনেমার চেয়ে ভালো না হলে দর্শক মুখ ফিরিয়ে নিতে ভুল করবে না। একটির থেকে অন্য আরো ভালো দেখতে তারা অভ্যস্ত। তাই সিনেমাটি ঘিরে যেমন উচ্ছ্বাস কাজ করছে তেমনি অনেক শঙ্কাও রয়েছে। অনেক ভয় কাজ করছে নিজের ভেতরে। তবে চেষ্টা করছি চরিত্রের সঙ্গে মিশে যেতে। যাতে দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারি।’
উল্লেখ্য, সিনেমাটি পরিচালনা করছেন ‘হেলেন’ সিনেমার মালায়লাম নির্মাতা মথুকুঠি জেভিয়ার।