রবীন্দ্রনাথের ছোটগল্পে ‘পয়লা নম্বর’

প্রতিবছরের মতো এবারো রবীন্দ্র মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজনে অনুষ্ঠান সাজিয়ে দেশের টিভি চ্যানেলগুলো। সেই তালিকায় রয়েছে রবীন্দ্রনাথকে ঘিরে নাটক, টেলিফিল্ম ও গানের অনুষ্ঠান। তেমনই কিছু অনুষ্ঠান নিয়ে এই আয়োজন—

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আজ রাত ১০টার ইংরেজি সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে বিশেষ নাটক ‘পয়লা নম্বর’। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ফরিদুর রহমান। নাটকটি প্রযোজনা করেছেন মাহফুজা আক্তার এবং অভিনয় করেছেন রামিজ রাজু, গোলাম কিবরিয়া তানভীর, সাবরিনা শফি নিসা, হাসনাত রিপন, তন্ময় সোহেল, কাজী আল আমিন, ঐশ্বর্য বীরজান, বোরহান বাবু , মৃণাল দত্ত, উত্তম অধিকারী, সোহেল রহমান,আশরাফ কবির ও মনিরুজ্জামান মনি। নাটকের গল্পে দেখা যাবে, অনিলা বাবার আদরের মেয়ে। বিমাতা ও ছোটভাই সরোজকে রেখে বাবার মৃত্যু হলেও স্বামীর ঘরে তার সুখের অভাব ছিল না। অবশ্য স্বামী অদ্বৈত সারাক্ষণ নিজের পড়াশোনা ও বন্ধুদের নিয়ে আড্ডায় ব্যস্ত। সংসারের ভালো-মন্দতে তার মন নেই। স্ত্রীর প্রতি রয়েছে তার সীমাহীন উদাসীনতা।