রেলপথে ভারত থেকে এলো আরো ১৯ ওয়াগন পাথর

ব্রডগেজ রেলপথে ভারত থেকে আরো ১৯ ওয়াগন পাথর এলো ডোমার উপজেলার চিলাহাটিতে। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় ভারতের হলদিবাড়ি রেলস্টেশন থেকে চিলাহাটি স্টেশনে এসে পৌঁছায় পাথরবাহী ওয়াগনগুলো। এরপর ওয়াগন রেখে ভারতীয় ইঞ্জিনটি (লোক মোটিভ) ভারতে ফিরে যায়। বিষয়টি নিশ্চিত করে চিলাহাটি রেলস্টেশন মাস্টার আশরাফুল হক বলেন, এর আগে সর্বপ্রথম পহেলা আগস্ট বিকালে ভারত থেকে ৪০টি ওয়াগনে ২ হাজার ২৮৫ দশমিক ২০ মেট্রিক টন পাথর নিয়ে পণ্যবাহী ট্রেন চিলাহাটি আসে। যা যশোরের নওয়াপাড়া পাঠানো হয়। বৃহস্পতিবার দ্বিতীয় দফায় যে ১৯ ওয়াগন পাথর এসেছে, তা বাংলাদেশের ইঞ্জিন নিয়ে যাবে নীলফামারীর সৈয়দপুরে। সেখানে পাথর খালাশ করা হবে। উল্লেখ, দীর্ঘ প্রায় ৫৬ বছর পর ভারতীয় উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের হলদিবাড়ি, নিউজলপাইগুড়ি (শিলিগুড়ি) সঙ্গে বাংলাদেশের চিলাহাটির রেললাইন সংযোগ স্থাপিত হয়।