বরিশাল বিভাগে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন ও উপসর্গ নিয়ে ১৭ জনের মৃত্যু হয়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস ও শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
করোনা আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৫ জনের মধ্যে বরিশালের চার জন, ভোলার তিন জন, পিরোজপুরে একজন, বরগুনার চার জন ও ঝালকাঠির তিন জন রয়েছেন। আর বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ১৭ জন মারা গেছেন। শেবাচিমের পরিচালকের কার্যালয় এবং বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, নতুন মৃত্যু নিয়ে বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল মোট ৫১৪ জনে। এছাড়াও বিগত ২৪ ঘণ্টার ব্যবধানে ৮৫৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে বিভাগের মোট আক্রান্ত ৩৬ হাজার ৯৯৮ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২০ হাজার ১৭০ জন। শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, হাসপাতালের করোনা ওয়ার্ডে মোট চিকিত্সাধীন অবস্থায় ১ হাজার ১৬৫ জন রোগীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৩৩৪ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।