রংপুরের বদরগঞ্জ উপজেলার যমুনেশ্বরী নদীতে গোসল করতে নেমে রুবিনা, সাদিয়া ও বাসুরী নামে তিন বেনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টায় এ ঘটনা ঘটে। বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে উপজেলার যমুনেশ্বরী নদীর নাটারাম নামক ঘাটে অন্যদের সঙ্গে নদীতে গোসল করতে নামে রুবিনা, সাদিয়া ও বাসুরী। হঠাত্ করে ছোট বোন বাসুরী পানিতে ডুবে গেলে তাকে উদ্ধার করতে বড় বোন রুবিনা ও সাদিয়া এগিয়ে যায়। এ সময় তারাও নদীর স্রোতে পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত মঙ্গলবার কালুপাড়া ইউনিয়নের নাটারামে ফুপাতো বোনের বিয়ে খেতে দাদির সঙ্গে বড় ফুফু কোহিনুরের বাড়িতে গিয়েছিল তিন বোন। গতকাল বৃহস্পতিবার বিকালে শখের বসে নদীতে গোসল করতে যায় তারা। এ সময় পানিতে ডুবেই তাদের মৃত্যু হয়।
পারিবারিক সূত্র আরো জানায়, ছোট ভাই রবিউলের মেয়ে রুবিনা খাতুন নানার বাড়িতে থেকে ওসমানপুর মাদ্রাসায় দশম শ্রেণিতে, বাসুরী খাতুন ওসমানপুর সাহেদা স্কুলের ৫ম শ্রেণিতে এবং বড় ভাই সাইদুল মাস্টারের মেয়ে পৌর শহরের একটি স্কুলে ৫ম শ্রেণিতে পড়াশুনা করছিল। তাদেও বাড়ি বিষ্ণুপুর ইউনিয়নের ওসমানপুর শাহপাড়া গ্রামে।