বাংলাদেশের সিরিজ জয়ের মিশন আজ

পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে থাকা বাংলাদেশ দল বেশ নির্ভার অবস্থানে আছে। গতকাল অনুশীলনে নামেনি টাইগাররা। গোটা দিন বিশ্রামে ছিলেন ক্রিকেটাররা। অন্যদিকে টানা দুই হারে ভীষণ চাপে আছে অস্ট্রেলিয়া। কন্ডিশনে মানিয়ে নেওয়ার প্রাণপণ চেষ্টা করছে দলটি। তাই গতকালও অনুশীলনে ঘাম ঝরিয়েছে সফরকারীরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুরের পর অনুশীলন করেছে অস্ট্রেলিয়া দল।

বাংলাদেশের সামনে দারুণ সুযোগ এবং তা উপভোগের সময়। কারণ নিজেদের ইতিহাসে এই প্রথম বার আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়াকে সিরিজ হারানোর দুয়ারে দাঁড়িয়ে টাইগাররা। অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কখনোই এমন অবস্থানে আসতে পারেনি বাংলাদেশ। আজ মিরপুর স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ম্যাচটা জিতলেই ইতিহাস গড়বে মাহমুদউল্লাহর দল। ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।

গতকাল বিশ্রামে থাকলেও সন্ধ্যায় অলরাউন্ডার শেখ মেহেদী হাসান বলেছেন, পুরো দলই সিরিজ জয়ের আশায় আছে। ফোকাসও সেদিকেই রয়েছে। ম্যাচ বাই ম্যাচ পরিকল্পনায় এগুচ্ছে বাংলাদেশ দল।

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে গতকাল মেহেদী হাসান বলেছেন, ‘আমার একার না, দলের যত প্লেয়ার আছে সবারই চিন্তা ম্যাচ বাই ম্যাচ আগানো। যেহেতু এটা গোল বল, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। কাল (আজ) তৃতীয় টি-২০ আছে, ওইটা নিয়েই সবাই ফোকাস করতেছি। তারপর বাকিগুলো। আশা করি, একটার পর একটা ধরে আগাবো। আমরা যদি ভালোভাবে শেষ করি, সিরিজটা জিততে পারি, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে দিন শেষে।’

দ্বিতীয় ম্যাচ জেতার পর আফিফ হোসেনের কণ্ঠেও ছিল একই সুর। সিরিজ জয়কেই এখন পাখির চোখ করছে বাংলাদেশ। ম্যাচ সেরার পুরস্কার জেতা আফিফ বলেছিলেন, ‘এখন সামনের ম্যাচ নিয়ে চিন্তা করছি। ঐ ম্যাচ জিতলে সিরিজটাও আমাদের পক্ষে আসবে। ইনশাআল্লাহ চেষ্টা থাকবে সামনের ম্যাচও জেতার।’

কন্ডিশন, উইকেটের চরিত্রে খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই। স্লো, লো বাউন্সের উইকেটেই খেলা হবে। অস্ট্রেলিয়াকে আটকে রাখার মন্ত্র থেকে সরছে না বাংলাদেশ। মুস্তাফিজ, সাকিবরা কন্ডিশনের সঠিক ব্যবহার করতে পারছেন। যা টাইগার শিবিরের জন্য বড় স্বস্তির। অস্ট্রেলিয়ানরা এখন ব্যস্ত মুস্তাফিজের কাটার, স্লোয়ারের সামলানোর অস্ত্র খুঁজতে।

মেহেদী বলেন, এ কন্ডিশনে মুস্তাফিজ দুর্দান্ত বোলার। গতকাল তিনি বলেছেন, ‘মুস্তাফিজ আমাদের কন্ডিশনে কি বোলার, তা আমরা সবাই জানি। ওর ধার কমে নাই। বিশেষ করে আমাদের কন্ডিশনে। মুস্তাফিজ খুবই বিপদজ্জনক। ওর প্রত্যেকটা বলই হিসেবে করে খেলতে হয়। ওর জায়গায় কাজগুলো ঠিকভাবে করে যাচ্ছে। আশা করি, ও উন্নতি করবে আরো।’