বিশ্বকাপের আগে ওমানে বাংলাদেশের ক্যাম্প

চলতি বছর টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপের প্রথম রাউন্ডের খেলা হবে ওমানে ও আমিরাতে। প্রথম রাউন্ড থেকেই সুপার টুয়েলভ পর্বে যেতে হবে বাংলাদেশ দলকে।

কন্ডিশনে মানিয়ে নিতে বিশ্বকাপের আগে ওমানে ক্যাম্প করতে চায় বাংলাদেশ। ওমানে অন্তত এক সপ্তাহের ক্যাম্প আয়োজনের চেষ্টা করছে বিসিবি। তবে এখনো চূড়ান্ত হয়নি বিষয়টি। প্রথম রাউন্ডের ম্যাচগুলোর ভেন্যু এখনো ঘোষণা করেনি আইসিসি। তবে ধারণা করা হচ্ছে ওমানে হয়তো প্রথম রাউন্ড খেলতে হবে টাইগারদের।

প্রস্তুতির সুবিধার্থে ক্যাম্প আয়োজনই মূল টার্গেট। সঙ্গে ২-১টি ম্যাচ খেলার ব্যবস্থা করতে চেষ্টা করছে বিসিবি। ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা ৬-৭ দিন আগে যাব। সেখানে গিয়ে আমরা অনুশীলন করব। অবশ্যই ম্যাচ খেলার তো একটা পরিকল্পনা রয়েছে। এই সিরিজটা শেষ হলেই কোচদের সঙ্গে আলোচনা করব। তাদের সঙ্গে আলাপ-আলোচনা করেই সিদ্ধান্ত হবে।’

বিশ্বকাপের আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলের। আইপিএলের কারণে সিরিজটা আর হচ্ছে না। তাই বিশ্বকাপের জন্য প্রস্তুতির সুযোগ পাচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।