ঈশ্বরদীর পাকশী এলাকার প্রবীণ আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম আঁততায়ীর গুলিতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। ঈশ্বরদী হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. শফিকুল ইসলাম শামীম জানান, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় ঈশ্বরদী শহরের পোস্ট অফিস মোড় এলাকায় তার মৃত্যু হয়।
প্রতিবেশী হাফিজুর রহমান জানান, রাত ৯টার দিকে পাকশীর রূপপুরের বিবিসি বাজার হতে নিজ বাড়িতে ঢোকার মুহূর্তে ওত পেতে থাকা আঁততায়ীরা গুলি বর্ষণ করে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় মুক্তিযোদ্ধা সেলিমকে তাত্ক্ষণিকভাবে প্রায় ৯ কিলোমিটার দূরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়।
ডা. শামীম জানান, তার পেটে দুইটি গুলি লেগেছিল এবং প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। প্রাথমিক চিকিত্সা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।
মোস্তাফিজুর রহমান সেলিম আওয়ামী লীগের ঈশ্বরদী উপজেলা কমিটি সদস্য এবং পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
ইত্তেফাক/আরকেজি