মুন্সীগঞ্জে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

শ্রীনগরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সালাউদ্দিন টিটুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মখোলা গ্রামের নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ মোসলেম উদ্দিনের ছেলে।

শ্রীনগর থানার ওসি মোঃ ইউনুচ আলী জানান, টিটু ঢাকার শ্যামপুর থানার জাকির হত্যা মামলার আসামি। শ্যামপুর থানার জুরাইন এলাকায় ১৯৯৯ সালে জাকির হোসেনকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় জাকিরের পিতা আব্দুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় টিটু এজাহার ভুক্ত আসামি।

আরও পড়ুন: আওয়ামী লীগ নেতা গুলিবিদ্ধ

ওই মামলায় ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-৩ এর বিচারক মোঃ আবু হানিফ ২০০৫ সালে ফাঁসির আদেশ দেন। সে এতোদিন পলাতক ছিল। বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শ্রীনগর থানা পুলিশ তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে। 

ইত্তেফাক/আরকেজি