করোনাকালে সরকারি বিধিনিষেধের ওপর নির্ভর করছে সুপ্রিম কোর্ট পুরোপুরি খুলে দেওয়ার বিষয়টি। যদি সরকার বিধিনিষেধ শিথিল করে তাহলে ১৬ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বেঞ্চে বিচারকাজ পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ৮ আগস্ট থেকে আপিল বিভাগ ও হাইকোর্টের কয়েকটি বেঞ্চে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা ভার্চুয়ালি যোগ দেন।
গতকাল বৃহস্পতিবার বিকালে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বিচারপতি ছাড়াও আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা তাদের মতামত তুলে ধরেন।
বৈঠক সূত্র জানায়, ফুল কোর্ট সভায় উচ্চ আদালতে আগাম জামিন বন্ধের বিষয়টি নিয়ে অনেক বিচারপতি তাদের মতামত প্রকাশ করেন। সেখানে বেশির ভাগ বিচারপতি করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি থাকায় আগাম জামিন শুনানি বন্ধ রাখার পক্ষে মত দেন। একই সঙ্গে বিচারপতিরা করোনা সংক্রমণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভার্চুয়ালি সুপ্রিম কোর্টে বিচারকাজ পরিচালনার পক্ষে তাদের মত তুলে ধরেন।