ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিশ্রুত উপহারের ১০৯টি অ্যাম্বুলেন্সের প্রথম চালান দেশে আসছে। গতকাল বৃহস্পতিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০টি অ্যাম্বুলেন্স এখন পেট্রাপোলে এসেছে। বেনাপোল স্থলবন্দরে ছাড়পত্র পাওয়ার পর এগুলো ঢাকার পথে রওনা হবে।
গত মার্চে বাংলাদেশ সফরকালে স্বাস্থ্যসেবা উন্নয়ন ও কোভিড-১৯ মহামারি মোকাবিলায় সহায়তা হিসেবে বাংলাদেশকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন মোদি। বাকি অ্যাম্বুলেন্সগুলো আগামী সেপ্টেম্বরের শেষদিকে পর্যায়ক্রমে পৌঁছাবে বলে আশা করছে হাইকমিশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই অ্যাম্বুলেন্সগুলো কোভিড মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টায় সহায়তা করার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এই উপহার বাংলাদেশের ভ্রাতৃত্বপূর্ণ জনগণের সহায়তার জন্য ভারতের অব্যাহত এবং দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন।