দুই প্রাদেশিক রাজধানী দখলের কাছাকাছি তালেবান

তালেবান মিলিশিয়া এবং আফগান সরকারি বাহিনীর লড়াই তীব্র আকার ধারণ করেছে। হেলমান্দ ও জোজ্জন প্রদেশের রাজধানী দখলের কাছাকাছি চলে এসেছে তালেবান যোদ্ধারা। শুক্রবার (৬ আগস্ট) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, জোজ্জন প্রদেশের ডেপুটি গভর্নর আবদুল কাদের মালিয়া জানিয়েছেন, প্রদেশের রাজধানী শেবারগানের উপকণ্ঠে ভয়ঙ্কর আক্রমণ চালিয়েছে তালেবানরা। আরেকজন প্রাদেশিক কাউন্সিল সদস্য জানিয়েছেন, জোজ্জনের ১০টি জেলার নয়টিই তালেবানের দখলে। এদিকে হেলমান্দ প্রদেশেও চলছে ব্যাপক লড়াই। বেসামরিক সম্পত্তির ক্ষতি মানবিক সংকটকে আরও বাড়িয়ে তোলে কারণ রাজধানী লস্করগাহ নিয়ন্ত্রণের জন্য সপ্তাহব্যাপী যুদ্ধে দোকানগুলিতে আগুন লেগে যায়। জাতিসংঘ এই সপ্তাহে বলেছে, তারা শহরে আটকে থাকা হাজার হাজার মানুষের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

আফগানিস্তান থেকে মার্কিন ও সামরিক জোট ন্যাটোর সৈন্য প্রত্যাহার শুরু হওয়ার পর থেকে দেশটিতে তালেবান ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত ক্রমাগত বাড়ছে। ফলে নিজেদের জীবন বাঁচাতে পাকিস্তান সীমান্তে জড়ো হচ্ছেন আফগান শরণার্থীরা। এমন পরিস্থিতিতে শরণার্থীদের জন্য সীমান্ত খোলা রাখতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

ইত্তেফাক/এসএ