সিডনিতে ডেলটার দাপট দৈনিক শনাক্তের রেকর্ড

রয়টার্স ও বিবিসি

কয়েক সপ্তাহ ধরে চলা লকডাউনের মধ্যেই টানা দ্বিতীয় দিন রেকর্ড রোগী শনাক্তের পর অস্ট্রেলিয়ার কর্মকর্তারা সিডনির বাসিন্দাদের কোভিড-১৯ সংক্রমণের আরো ঊর্ধ্বগতি দেখার জন্য প্রস্তুত থাকতে বলেছেন। অতি সংক্রামক ডেলটা ধরনের বিস্তার নিয়ন্ত্রণে হিমশিম খাওয়া নিউ সাউথ ওয়েলসের এ রাজধানীতে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন ২৭৯ জনের দেহে প্রাণঘাতী করোনা ভাইরাসের উপস্থিতি মিলেছে বলে শুক্রবার কর্তৃপক্ষ জানিয়েছে। আগের ২৪ ঘণ্টায় এ সংখ্যা ছিল ২৫৯। নতুন একজন নিয়ে এবারের প্রাদুর্ভাবে সিডনিতে মৃতের সংখ্যাও ২২-এ পৌঁছেছে।

নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার গ্লেডিস বেরেজিক্লিয়ান সিডনিতে সাংবাদিকদের বলেছেন, ‘গত কয়েক দিনের ধারাবাহিকতা (এবং সংক্রমণের হার) যেদিকে যাচ্ছে, তাতে সামনের কয়েক দিন আমি আরো বেশি রোগী পাওয়ার সম্ভাবনা দেখছি। আমি সবাইকে এজন্য প্রস্তুত থাকতে বলতে চাই।’ রাজ্যটির কর্তৃপক্ষ শুক্রবার সর্বশেষ ২৪ ঘণ্টায় ২৯১ কোভিড রোগী শনাক্তের খবর নিশ্চিত করেছে; আগের ২৪ ঘণ্টায় রোগী মিলেছিল ২৬২ জন। নিউ সাউথ ওয়েলসের হাসপাতালগুলোতে এখন মোট ৩০৪ কোভিড রোগী ভর্তি আছেন। এদের মধ্যে যে ৫০ জন নিবিড় পরিচর্যায় আছেন, তাদের মধ্যে ২২ জনের ভেন্টিলেশন লাগছে। নিউ সাউথ ওয়েলসের পার্শ্ববর্তী রাজ্য ভিক্টোরিয়ায়ও বৃহস্পতিবার রাত থেকে লকডাউন শুরু হয়েছে।