চট্টগ্রাম অফিস
চট্টগ্রামে আরো ২ লাখ ৬৬ হাজার ৪০০ ডোজ টিকা এসেছে। এসব টিকার মধ্যে ৩৮ হাজার ৪০০ ডোজ যুক্তরাষ্ট্রের তৈরি মডার্না এবং ১ লাখ ২০ হাজার ডোজ চীনের তৈরি সিনোফার্ম ও ১ লাখ ৮ হাজার ডোজ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার তৈরি। শুক্রবার সকাল ৭টার দিকে টিকা বহনকারী বিশেষ গাড়ি সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছে। চট্টগ্রামে করোনার টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্যরা আনুষ্ঠানিকভাবে এ টিকা গ্রহণ করেন। এর আগে গত ২৮ জুলাই ১ লাখ ৮৫ হাজার ডোজ এবং ১১ জুলাই চীন ও যুক্তরাষ্ট্রের তৈরি সিনোফার্ম এবং মডার্নার ১ লাখ ৮৪ হাজার ডোজ টিকা চট্টগ্রামে আসে। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে করোনার টিকার আরো চালান এসেছে। টিকাগুলো ইপিআই স্টোরে সংরক্ষণ করে রাখা হয়েছে। যথা সময়ে ওয়ার্ড এবং ইউনিয়ন পর্যায়ে টিকাদান কার্যক্রমের জন্য এসব টিকা বিভিন্ন এলাকায় পাঠানো হবে।