খুলনায় ৩০৭ বুথে দেওয়া হবে করোনার গণটিকা

খুলনা অফিস

খুলনা মহানগরীসহ জেলায় করোনার গণটিকা দেওয়ার জন্য তৈরি করা হয়েছে ৩০৭টি বুথ। আজ প্রথম দিন শনিবার সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে টিকা নেওয়ার জন্য খুলনার গ্রামাঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, খুলনা সিটি করপোরেশন এলাকার ৩১টি ওয়ার্ডের ৩১টি কেন্দ্রে ৯৩টি বুথ করা হয়েছে। এছাড়া জেলার নয়টি উপজেলার ৬৮টি ইউনিয়নের ৬৮টি কেন্দ্রের ২০৪টি বুথ ও দুটি পৌরসভায় ১০টি বুথ করা হয়েছে। গ্রাম পর্যায়ে গণটিকার প্রথম দফায় জেলায় ৩ লাখ ৬৮ হাজার ৪০০ জনকে টিকা দেওয়া হবে। প্রতিটি বুথে দুজন টিকাদানকারী ও তিন জন স্বেচ্ছাসেবক থাকবেন। এছাড়া প্রতি তিনটি বুথে একজন করে সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

খুলনার সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, খুলনা জেলা ও সিটি করপোরেশনের মধ্যে মোট ৩০৭টি বুথে ২০০ করে টিকা দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার নির্ধারিত সময় সকাল ৯টার আগেই প্রত্যেক বুথে টিকা পৌঁছে যাবে। তিনি জানান, খুলনায় টিকার কোনো ঘাটতি নেই।