ইত্তেফাক রিপোর্ট
করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমান (৭৬)। বৃহস্পতিবার দিবাগত রাত ১১টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিচারপতি ফজলুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও আইনমন্ত্রী আনিসুল হক। মরহুমের জানাজা গতকাল শুক্রবার বাদ জুমা রাজধানীর সার্কিট হাউজ মসজিদে (টিপটপ মসজিদ) অনুষ্ঠিত হয়েছে।
১৯৪৬ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন বিচারপতি ফজলুর রহমান। বিএএলএলবি শেষ করে ১৯৬৯ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি বিচার বিভাগে মুনসেফ (সহকারী জজ) হিসেবে নিয়োগ পান। ১৯৮৯ সালের ১৫ জুন জেলা জজ হিসেবে পদোন্নতি লাভ করেন। ২০০২ সালের ২৯ জুলাই হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। এর দুই বছর পর তিনি স্থায়ী হন। ৬৭ বছর পূর্ণ হলে তিনি হাইকোর্টের বিচারপতি পদ থেকে অবসরে যান।