চট্টগ্রামে দুদক কর্মকর্তার বদলি ঠেকানোর রিটের আবেদনকারীকে তলব

ইত্তেফাক রিপোর্ট

চট্টগ্রামে দুদকের এক কর্মকর্তার বদলি ঠেকাতে দায়েরকৃত রিটের আবেদনকারীকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৬ আগস্ট ঐ রিটকারীকে আদালতে হাজির করতে তার আইনজীবীকে বলা হয়েছে। একই সঙ্গে ঐ রিটের বিষয়ে আদেশ না হওয়ার পরেও উকিল সনদের ভিত্তিতে সংবাদ প্রকাশের ঘটনা অনুসন্ধান করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার বিচারপতি এম ইনায়েতুর রহিমের একক ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৩১ জুলাই ‘হাইকোর্টের আদেশ সেই দুদক কর্মকর্তার বদলির আদেশ স্থগিত’ শিরোনামে চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাজহারুল হকের দেওয়া এক ল’ইয়ার সার্টিফিকেট থেকে উদ্ধৃত করে প্রকাশিত সংবাদে বলা হয়, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলির আদেশ স্থগিত করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী দুই সপ্তাহের জন্য তাকে স্বপদে বহাল রাখার আদেশ দিয়েছে আদালত। গত সোমবার বিষয়টি নজরে আসার পর আদালত বলেন, দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিনের বদলির ওপর কোনো স্থগিতাদেশ দেওয়া হয়নি। ঐ রিট আবেদনটি করেছিলেন শহিদুল ইসলাম লিটন নামে এক ব্যক্তি। আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।