হিরোশিমা দিবসে স্বপ্নদলের ‘ত্রিংশ শতাব্দী’

ইত্তেফাক রিপোর্ট

‘আর নয় হিরোশিমা, আর নয় নাগাসাকি, আর নয় পারমাণবিক অস্ত্র, আর নয় যুদ্ধ’ স্লোগানে গতকাল শুক্রবার ‘হিরোশিমা দিবস ২০২১’ পালন করছে নাট্যসংগঠন স্বপ্নদল। স্বপ্নদলের হিরোশিমা-নাগাসাকির বিয়োগান্তক ঘটনাভিত্তিক যুদ্ধবিরোধী ‘ত্রিংশ শতাব্দী’ ধারণকৃত  মঞ্চনাটকটি অনলাইনে প্রদর্শন করা হয়। পরে ‘হিরোশিমা, বিশ্বশান্তি ও স্বপ্নদলের ত্রিংশ শতাব্দী’ বিষয়ক ফেসবুক লাইভ আলোচনা এবং ‘ত্রিংশ শতাব্দী’-র অংশবিশেষ লাইভ অভিনয় অনুষ্ঠিত হয়। গত ২০ বছর ধরে নিয়মিতভাবে নানা আনুষ্ঠানিকতায় পৃথিবীর একমাত্র নাট্যদল হিসেবে ‘হিরোশিমা দিবস’ পালন করে আসছে স্বপ্নদল। গত বছর থেকে করোনা-মহামারির কারণে দিবসটি অনলাইনে ডিজিটাললি পালন করা হচ্ছে।

ফেসবুক লাইভ আলোচনা পর্বে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি এবং জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ। সভাপতিত্ব করেন স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আতাউর রহমান। অতিথি হিসেবে আরো ছিলেন ভারতের উত্তর প্রদেশের এলাহাবাদের সমানান্তর ইন্টিমেট থিয়েটারের আর্টিস্টিক ডিরেক্টর অনিল রঞ্জন ভৌমিক, জাপানপ্রবাসী লেখক-অভিনেতা-সংগঠক ও টোকিও বইমেলার উপদেষ্টা জুয়েল আহ্সান কামরুল এবং স্বপ্নদলের সদস্যবৃন্দ। সঞ্চালনা করেন স্বপ্নদলের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক জাহিদ রিপন।