রাজধানীর বাজারে আলু ছাড়া সব ধরনের সবজির দামই বেড়েছে। সবচেয়ে বেশি বেড়েছে কাঁচা মরিচের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচে ১২০ থেকে ১৩০ টাকা বেড়ে গতকাল শুক্রবার খুচরা বাজারে তা ২০০ টাকায় বিক্রি হয়। এছাড়া দাম বেড়েছে মোটা চাল, ডিম, পাম অয়েল ও মসুর ডালেরও।
গতকাল রাজধানীর শান্তিনগর, কাওরান বাজার ও তুরাগ এলাকার নতুন বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন নিত্যপণ্যের দামের এ চিত্র পাওয়া যায়। ব্যবসায়ীরা বলেছেন, বর্ষা মৌসুমে দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টিতে অনেক সবজিখেত নষ্ট হয়ে গেছে। এর প্রভাব পড়েছে কাঁচা মরিচ ও সবজির দামে। চাল ব্যবসায়ীরাও দাম বাড়ার ক্ষেত্রে বৃষ্টির দোহাই দিয়েছেন। তারা বলেছেন, বৃষ্টির কারণে চাতালে ধান শুকানো যাচ্ছে না। ফলে মিলাররা চাহিদামতো চাল সরবরাহ করতে পারছে না।
গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্যে কাঁকরোল ৫০ থেকে ৬০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটোল ৪০ টাকা, ঢ্যাঁড়শ ৪০ টাকা, লতি ৬০ থেকে ৭০ টাকা, বরবটি ৭০ থেকে ৮০ টাকা, বেগুন ৬০ থেকে ৭০ টাকা, করল্লা ৪০ থেকে ৫০ টাকা, টম্যাটো ১০০ থেকে ১২০ টাকা, পেঁপে ৪০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। যা গত সপ্তাহে সবজিভেদে পাঁচ থেকে ১৫ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে। সবজির মধ্যে কেবল আলুর দামই বাড়েনি। মানভেদে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকার মধ্যে। তবে কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি । প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। যা গত সপ্তাহে ছিল ৭০ থেকে ৮০ টাকা। পেঁয়াজের দাম স্থিতিশীল রয়েছে। বর্তমানে বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৪৫ থেকে ৫০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।
শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা রফিকুল বলেন, এখন তো বর্ষা মৌসুম। দেশের বিভিন্ন জায়গায় টানা বৃষ্টি হচ্ছে। এতে অনেক সবজিখেত নষ্ট হয়ে গেছে। এছাড়া করোনার কারণে এখন লকডাউন চলছে। এসবের প্রভাবে সবজির দাম বাড়তি। তিনি বলেন, বর্ষা মৌসুমে সবজির দাম কমার সম্ভাবনা কম। প্রতি বছরই এ সময় সবজির দামটা একটু বেশি থাকে বলে জানান তিনি।
মোটা চালের দাম বেড়েছে :সপ্তাহের ব্যবধানে মোটা চালের দাম আরেক দফা বেড়েছে। প্রতি কেজিতে দুই টাকা বেড়ে গতকাল বাজারে প্রতি কেজি মোটা চাল ইরি/স্বর্ণা বিক্রি হচ্ছে ৪৮ থেকে ৫২ টাকা। এছাড়া সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৬০ থেকে ৬৮ টাকা ও মাঝারি মানের চাল পাইজাম/লতা ৫০ থেকে ৫৬ টাকায় বিক্রি হচ্ছে। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে গত এক মাসে মোটা চাল ৬ দশমিক ৫২ শতাংশ ও সরু চাল ২ দশমিক ৪০ শতাংশ বেড়েছে।
দাম বাড়ল মসুর ডাল ও পাম অয়েলের : দাম বেড়েছে পাম অয়েল ও মসুর ডালের। প্রতি লিটার খোলা পাম অয়েলে তিন টাকা বেড়ে গতকাল খুচরা বাজারে ১০৮ থেকে ১১২ টাকায় বিক্রি হয়। এছাড়া মাঝারি মানের মসুর ডালের কেজিতে পাঁচ টাকা বেড়ে ৮৫ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। টিসিবির গতকালের প্রতিবেদনেও দাম বাড়ার এ তথ্য তুলে ধরা হয়েছে।
দাম বেড়েছে ডিমের। গত সপ্তাহে ফার্মের লাল ডিমের ডজন ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হলেও গতকাল তা ১০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া লেয়ার মুরগির কেজিতে ২০ টাকা বেড়ে ২২০ থেকে ২৩০ টাকা ও ব্রয়লার মুরগি ১২০ থেকে ১২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৩০ টাকা। এছাড়া গরুর মাংসের কেজি ৫৮০ থেকে ৬০০ টাকা ও খাসির মাংস ৮০০ থেকে ৯৫০ টাকা বিক্রি হচ্ছে।