আফগানিস্তানের মিডিয়া ও তথ্যকেন্দ্রের প্রধানকে হত্যা করেছে তালেবান

আফগানিস্তানের মিডিয়া ও তথ্য কেন্দ্রের প্রধান দাওয়া খান মিনাপালকে হত্যা করেছে তালেবান। তাকে হত্যা করা আফগান সরকারের জন্য বড় পরাজয় বলে বলা হচ্ছে। এদিকে একটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। এই প্রথম কোনো প্রদেশের রাজধানীর নিয়ন্ত্রণ নিল তালেবান। খবর রয়টার্স ও বিবিসির

গতকাল শুক্রবার জুমার নামাজের সময় বন্দুকধারীরা রাজধানী কাবুলের দারুল আমান রোডে মিনাপালকে গুলি করে হত্যা করে। তালেবান তাকে হত্যার কথা স্বীকার করেছে। এই গোষ্ঠীটি বলেছে, মিনাপাল তার কাজের শাস্তি পেয়েছেন। মিনাপালের হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স রস উইলসন              এক টুইটার বার্তায় মিনাপালের হত্যাকাণ্ডে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে, মিনাপাল আফগানবাসীকে সত্য তথ্য সরবরাহ করতেন। তার হত্যাকাণ্ডের মাধ্যমে আফগানবাসীদের মানবাধিকার এবং স্বাধীনতা ক্ষুণ্ন হলো বলে উল্লেখ করেন রস উইলসন।

প্রাদেশিক রাজধানী দখল তালেবানের

মিনাপালকে হত্যার খবর এমন সময় এলো যখন তালেবান একটি প্রাদেশিক রাজধানী দখল করে নিয়েছে। দুটি সূত্র বিবিসিকে জানিয়েছে, বিদ্রোহীরা গতকাল শুক্রবার বিকালে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশের রাজধানী যারানজ দখল করে নেয়। আফগানিস্তান থেকে বিদেশি সৈন্য প্রত্যাহারের পর হতে তালেবান সেখানে বেশ দ্রুতগতিতে বিভিন্ন এলাকা দখল করতে শুরু করে। তার মধ্যেই তারা প্রথম কোনো প্রাদেশিক রাজধানী দখল করল। তালেবান এরই মধ্যে দেশটির বিস্তীর্ণ গ্রামীণ এলাকা দখল করে নিয়েছে। এখন তারা বড় বড় শহর টার্গেট করছে। আরো দুটি প্রাদেশিক রাজধানী তালেবানের হামলার মুখে খুবই নাজুক অবস্থায় আছে। এর একটি পশ্চিমের হেরাত এবং অপরটি দক্ষিণের লস্কর গাহ। যারানজ হচ্ছে ইরান সীমান্তের কাছে খুবই গুরুত্বপূর্ণ এক বাণিজ্যকেন্দ্র। এই শহরের চারদিকের এলাকা দখল করে নেওয়ার পর তালেবান যারানজ দখলের জন্য অবিরাম হামলা চালিয়ে যাচ্ছিল।