নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নাসির উদ্দীন খান (৫২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে জহিরুল হক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই মোটরসাইকেলে থাকা রাজীব সাহা (২৮) নামের তার এক সহকারী।
ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন খান আমিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বরত ছিলেন। পাশাপাশি তিনি ঠিকাদার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। নরসিংদী শহরের বিলাসদী এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন তিনি।
পরিবারিক সূত্র জানাায়, শুক্রবার সকালে চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান মোটরসাইকেলে সহকারী রাজীব সাহাকে নিয়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় তার ঠিকাদারি প্রতিষ্ঠানের চলা নির্মাণকাজ পরিদর্শনে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। বেলা সাড়ে ১১টার দিকে পাকুন্দিয়ার পুলেরঘাট এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। ঐ সড়কটিতে যান চলাচল কম থাকায় কীভাবে দুর্ঘটনা ঘটল, তা সঠিকভাবে কেউ বলতে পারেনি। ধারণা করা হচ্ছে—অজ্ঞাত কোনো যানবাহন তাদের বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।
দুর্ঘটনার শিকার হয়ে চেয়ারম্যান মো. নাসির উদ্দিন খান ও তার সহযোগী মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার জহিরুল হক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানে চিকিত্সাধীন অবস্থায় নাসির উদ্দীন খানের মৃত্যু হয়। রাজীব গুরুতর আহত অবস্থায় সেখানে চিকিত্সাধীন রয়েছেন। পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কীভাবে তারা দুর্ঘটনার শিকার হয়েছেন তা এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।