করোনায় আক্রান্ত হয়ে বরিশালের বরেণ্য চিকিত্সক ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) ডা. সিরাজুল ইসলাম (৮০) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় বরিশাল শের-ই-বাংলা চিকিত্সা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গতকাল শুক্রবার বাদ জুমা নগরীর গোরস্থান রোড আঞ্জুমান-ই-হেমায়েত-ই-ইসলামের সামনে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর মুসলিম গোরস্থানে স্ত্রীর কবরের পাশে তার দাফন সম্পন্ন হয়েছে।
মরহুমের মামাতো ভাই বরিশাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস এম জাকির হোসেন জানান, গত মাসের ২৭ তারিখ দুপুরে তিনি জ্বর এবং শ্বাসকষ্ট নিয়ে শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। হাসপাতালে ভর্তির দিনেও নগরীর অশ্বিনী কুমার হলের সামনে তার চেম্বারে ২০ জন অসহায় রোগীকে সেবা প্রদান করেছিলেন তিনি।
উল্লেখ্য, বরিশাল নগরীর জিয়া সড়ক এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন ডা. সিরাজুল ইসলাম দীর্ঘ ২৫-৩০ বছর যাবত্ বরিশাল নগরী ও হিজলা-মুলাদী উপজেলার মানুষকে চিকিত্সাসেবা দিয়েছেন। অনেক দরিদ্র রোগীকে বিনামূল্যেও চিকিত্সা দিয়েছেন তিনি। ডা. সিরাজুল ইসলাম ১৯৬৯ সালে সেনাবাহিনীর ক্যাপ্টেন পদ থেকে অবসরগ্রহণ করেন। তিনি বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগের শিক্ষক ছিলেন। তার বাবা বরিশালের প্রখ্যাত চিকিত্সক ডা. খাদেম হোসেন। ছয় ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি জ্যেষ্ঠ। তার একমাত্র পুত্র চিকিত্সক এবং মেয়ে কানাডা প্রবাসী।