এসপির বাংলোতে গুলিবিদ্ধ পুলিশের লাশ

রাজধানীর রমনা থানাধীন বেইলি রোডে ঢাকা জেলা পুলিশ সুপারের (এসপি) বাংলো থেকে গুলিবিদ্ধ অবস্থায় মেহেদী হাসান (২২) নামে এক পুলিশ কনস্টেবলের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকালে বেইলি রোডের ঢাকা অফিসার্স ক্লাবের অদূরে এসপির বাংলো থেকে গুরুতর আহতাবস্থায় মেহেদীকে উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। পুলিশের দাবি, সরকারি রাইফেল দিয়ে গুলি করে আত্মহত্যা করেন কনস্টেবল মেহেদী।

এসপি মো. মারুফ হোসেন সরদার বলেন, গত ২৫ জুলাই ঐ কনস্টেবল আরেকজনের বদলি ডিউটিতে যোগদান করেন। বাংলোতে সেন্ট্রির ডিউটি করতেন। হঠাত্ করেই সে নিজের অস্ত্র দিয়ে থুতনিতে গুলি করে আত্মহত্যা করে। তবে কী কারণে সে এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

জানা গেছে, কনস্টেবল মেহেদীর বাড়ি টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আনেহেলা গ্রামে। বাবার নাম আব্দুল হানিফ। তার কনস্টেবল নাম্বার ১৩২৫। ঢাকা জেলা পুলিশে কর্মরত মেহেদী থাকতেন জুরাইন পুলিশ লাইন্সে।

তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল ছালাম জানান, খবর পেয়ে বিকাল ৪টার দিকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে সঙ্গে থাকা সরকারি অস্ত্র দিয়ে আত্মহত্যা করেছেন মেহেদী। তবে বিস্তারিত তদন্তের পর বলা যাবে।