নারী হকিতে নেদারল্যান্ডসের দাপট অব্যাহত

অলিম্পিকে কেন তারা সবচেয়ে সফল দল সেটা আরো একবার প্রমাণ করল নেদারল্যান্ড নারী হকি দল। গতকাল টোকিও অলিম্পিকে আর্জেন্টিনা ৩-১ গোলে হারিয়ে রেকর্ড চতুর্থবারের মতো স্বর্ণ জিতে নেয় ডাচরা।

চার কোয়ার্টারের প্রথম কোয়ার্টার ছিল গোলহীন। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে যেন মেলা বসে গোলের। ছয় মিনিটের ব্যবধানে তিন গোল করে দুর্দান্তভাবে খেলা নিজেদের দিকে ঘুরিয়ে নেয় নেদারল্যান্ডস। এরপর  আর্জেন্টিনা একটি গোল শোধ করলেও তা শুধু হারের ব্যবধান কমায়।

এই জয়ে তৃতীয়বারের মতো স্বর্ণজয়ের স্বাদ পেলেন নেদারল্যান্ডসের দুই খেলোয়াড় ইভা দে গোদ ও লিদভিজ ওয়েল্টেন। এর আগে ডাচদের হয়ে ২০০৮ ও ২০১২ অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন তারা।