করোনার অতিমারি মোকাবিলায় পুরোপুরি আমলানির্ভর না থেকে রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোকে সম্পৃক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। গতকাল শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটি এই দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, করোনা মহামারি প্রতিরোধে আমরা প্রথম থেকেই সমাজের সব অংশকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছিলাম। আমরা বলেছিলাম লকডাউন সফল করতে হলে জনপ্রতিনিধি, রাজনৈতিক শক্তি, সামাজিক শক্তিসহ সমাজের অপরাপর অংশকে যুক্ত করা প্রয়োজন। প্রশাসনিক হুকুমদারিতে এটা চলে না। করোনা মোকাবিলায় সরকার শুরু থেকেই রাজনৈতিক ও সামাজিক শক্তি এবং জনপ্রতিনিধিদের বাদ দিয়ে আমলাতন্ত্রের উপর নির্ভর করে প্রশাসনিক হুকুমদারিতে করোনা থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা করছে।
ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে বলা হয়, করোনার সংক্রমণ রোধে এই মুহূর্তে ভ্যাকসিনই প্রধান বিকল্প। একই সঙ্গে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি প্রতিপালনও জরুরি। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন পার্টির পলিটব্যুরোর সদস্য কামরুল আহসান। পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, ড. সুশান্ত দাস, নুর আহমেদ বকুল, জ্যোতি শংকর ঝন্টু, হাজি বশিরুল আলম, এনামুল হক এমরান ও পার্টির কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য মোস্তফা আলমগীর রতন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।