করোনা থেকে সুস্থ হয়ে দীর্ঘ চার মাস পর প্রকাশ্যে দলীয় রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। প্রথম দিনে স্বাস্থ্য খাতে সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। গতকাল শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণের পর সাংবাদিকদের কাছে রিজভী বলেন, টিকা নিয়ে সরকার ‘নাটক’ করছে। টিকা নিয়ে কত নাটক হয়েছে এবং হচ্ছে। মানুষের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য সরকার এমন কোনো চেষ্টা নেই, যা করছে না। প্রথমে সরকার বলল, সাত দিন গণটিকা দেওয়া হবে। পরে বলে এক দিন গণটিকা দেব। রিজভী বলেন, তারা (সরকার) যেটা বলবে তার উলটোটা হবে এবং সেই উলটোটাই আমরা দেখতে পাচ্ছি। জেলা বা উপজেলা পর্যায়ে করোনার কোনো চিকিত্সা নেই। না আছে আইসিইউ, না আছে অক্সিজেন সরবরাহ, না আছে কোনো ওষুধপত্র। সত্যিকারের সরকার থাকলে এমনটা হতো না। সরকার দেড় বছর সময় পেল, তাহলে কেনো জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ হয় না? সেখানে কেনো প্রয়োজনীয় ওষুধপত্র নেই? এর কারণ একটাই—লুটপাটের ভাবধারায় অনুপ্রাণিত সরকার কখনোই জনগণের জীবন বাঁচাতে এগিয়ে আসবে না। আজকে টিকা নিয়েও ভয়ংকর দুর্নীতি হচ্ছে শুধু সরকার দলীয় লোকদের আঙুল ফুলে কলাগাছ বানানোর জন্য। তিনি বলেন, ড্যাব ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে সারা দেশে করোনা হেল্প সেন্টারের মাধ্যমে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।
গত ১৬ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিত্সা শেষে গত জুন মাসে বাসায় ফেরেন রুহুল কবির রিজভী। বাসাতেও তিনি চিকিত্সকদের পরামর্শে নিবিড় পর্যবেক্ষণে চিকিত্সা নিচ্ছেন। টানা চার মাসের বেশি সময় রাজনীতি থেকে দূরে থাকার পর কিছুটা সুস্থ হয়ে এই প্রথম প্রকাশ্যে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিলেন রিজভী। এ সময় রিজভীর সঙ্গে ড্যাবের সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ ও মহাসচিব অধ্যাপক আব্দুস সালাম, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. শহিদ হাসান, জহিরুল ইসলাম শাকিল, মেহেদি হাসান, নিলুফা ইয়াসমীন প্রমুখ উপস্থিত ছিলেন।