পরীমনির কস্টিউম ডিজাইনার জিমি আটক

নায়িকা পরীমনির কস্টিউম জিজাইনার জুনায়েদ করিম জিমিকে (৩০) আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার রাত ৯টার দিকে তাকে বনানী থেকে আটক করে ডিবি গুলশান বিভাগের একটি টিম। জিমিকে আটক করে গতকাল রাতেই ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। সেখানে তাকে পরীমনির সঙ্গে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এর আগে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানায়, পরীমনির এই অন্ধকার জগতে জড়িয়ে যাওয়ার পেছনে পৃষ্ঠপোষক বা মদদদাতা হিসেবে একজন নারী ও জিমির সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তারা দুই জনই নজরদারিতে রয়েছেন, তাদেরও আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে।

পুলিশের একটি সূত্র জানায়, গ্রেফতারের পর রিমান্ডে থাকা পরীমনি জিজ্ঞাসাবাদে তার বিভিন্ন অপকর্মের সঙ্গে চয়নিকা চৌধুরী ও জিমির সম্পৃক্ততার কথা জানান। এজন্য তাদের দুই জনকে আটক করেছে পুলিশ। সুনির্দিষ্ট অভিযোগ পেলে তাদের গ্রেফতার দেখানো হতে পারে।

পরীমনির অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পেছনে অন্যতম সাহায্যকারী এই জিমি। যাকে নিয়ে রাত-বিরাতে বিভিন্ন ক্লাবের পার্টিতে পরীমনিকে অংশ নিতে দেখা গেছে। জিমি পরীমনির সঙ্গে সঙ্গী হয়ে অনেক দেশ ঘুরতে গিয়েছেন। তার সঙ্গে বিত্তবানরা থাকতেন। বিনিময়ে জিমি তাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করতেন। এসব ঘটনার তদন্তের ধারাবাহিকতায় জিমিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে গোয়ন্দা কর্মকর্তারা জানিয়েছেন।