জাতিসংঘে মিয়ানমারের দূতকে হত্যার পরিকল্পনা দুই ব্যক্তি গ্রেফতার

 

বিবিসি ও রয়টার্স

জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনার অভিযোগে দেশটির দুই নাগরিককে গ্রেফতারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অ্যাটর্নির কার্যালয় জানিয়েছে, রাষ্ট্রদূত খিও মো তানকে পদত্যাগে বাধ্য করতে তার ওপর হামলার পরিকল্পনা করেছিলেন গ্রেফতার মিয়ানমারের নাগরিক ফায়ো হাইন তুত (২০) এবং ইয়ে হাইন জ (২৮)।

যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি অড্রে স্ট্রাউস বলেন, ‘ফায়ো হাইন তুত এবং ইয়ে হাইন জ আমেরিকার ভূখণ্ডে কোনো বিদেশি কর্মকর্তার ওপর হামলার পরিকল্পনার অংশ হিসেবে জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূতকে মারাত্মকভাবে আহত কিংবা হত্যার ছক কষছিলেন।’ রাষ্ট্রদূত খিও জাতিসংঘে মিয়ানমারের প্রতিনিধিত্ব করলেও গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করা সামরিক বাহিনীর সমালোচক হিসেবে পরিচিত। সামরিক জান্তা রাষ্ট্রদূত খিওকে বরখাস্ত করলেও বিশ্ব সংস্থায় এখনো তিনি বেসামরিক সরকারের প্রতিনিধিত্ব করছেন।

রাষ্ট্রদূতের ওপর হামলা চালাতে থাইল্যান্ডের এক অস্ত্র ব্যবসায়ীর ষড়যন্ত্রে যুক্ত হয়েছিলেন গ্রেফতার মিয়ানমারের দুই নাগরিক। থ্যাইল্যান্ডের ঐ ব্যবসায়ী মিয়ানমারের সামরিক বাহিনীর কাছেও অস্ত্র বিক্রি করেন। অভিযোগকারীর তথ্য অনুযায়ী, ফায়ো হাইন তুত এফবিআইকে জানিয়েছেন, থাই অস্ত্র ব্যবসায়ী অনলাইনে তার সঙ্গে যোগাযোগ করে রাষ্ট্রদূতের ওপর হামলা এবং তাকে পদত্যাগে বাধ্য করার জন্য লোকজন ভাড়া করতে অর্থ দেওয়ার প্রস্তাব করেছিলেন। রাষ্ট্রদূত পদত্যাগ না করলে হামলাকারীরা তাকে মেরে ফেলতে পারবে, এমনটাও বলেছিলেন ঐ অস্ত্র ব্যবসায়ী। 

রাষ্ট্রদূতের গাড়ি যেন দুর্ঘটনায় পড়ে, সেজন্য সেটি নষ্ট করতে অস্ত্র ব্যবসায়ী ও ফায়ো হাইন তুত একটি পরিকল্পনাও করেছিলেন। হামলার পরিকল্পনা বাস্তবায়নে ফায়ো হাইন তুতের সঙ্গে যোগাযোগ করেন ইয়ে হাইন জ এবং এজন্য জুলাইতে তাকে দুই দফায় ৪ হাজার ডলার দেওয়া হয়েছিল। ফায়ো হাইন তুত এফবিআইকে জানিয়েছেন, হামলার পর তাকে আরো ১ হাজার ডলার দেওয়ার কথা ছিল। জাতিসংঘে মিয়ানমার মিশনের এক নিরাপত্তারক্ষী এফবিআইকে জানিয়েছেন, রাষ্ট্রদূতের ওপর হামলা চালানো অথবা তাকে হত্যার জন্য একজন হামলাকারী ভাড়া করার পরিকল্পনার কথা স্বীকার করেছেন ফায়ো হাইন তুত। অভিযোগে আরো বলা হয়েছে, ফায়ো হাইন তুতের সঙ্গে অর্থ লেনদেনের কথা ইয়ে হাইন জ স্বীকারও করেছেন। ঐ অস্ত্র ব্যবসায়ীর হয়ে অন্যদের কাছে অর্থ পাঠাতেন ইয়ে হাইন। থাই অস্ত্র ব্যবসায়ীর অনুরোধে সম্প্রতি দুই জনের যুক্তরাষ্ট্র ভ্রমণের ব্যবস্থাও করেছিলেন তিনি।