দশমিনায় বেড়িবাঁধে ভাঙন অব্যাহত

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে উত্তর দিকে বাউফলের বগী বাজার পর্যন্ত প্রায় এক কিলোমিটার বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানির প্রবল চাপে প্রতিদিনই ভাঙছে একটু একটু করে। ফলে যে কোনো সময় পুরো বাঁধ ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে। এতে ভাঙন আতঙ্কে দিন কাটাচ্ছে বাঁশবাড়িয়া ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ।

স্থানীয় মত্স্য ব্যবসায়ী আনিচ হাওলাদার (৪৫) জানান, প্রতিদিন নদীর পানির চাপে ভেঙে পড়ছে বেড়িবাঁধের মাটি। স্থানীয় বাসিন্দা মো. শাহাবুদ্দিন (৪০) জানান, ভাঙন আতঙ্কে দিন কাটাতে হচ্ছে বাঁশবাড়িয়া এলাকার মানুষকে। বাঁশবাড়িয়া লঞ্চঘাট এলাকার ইউপি সদস্য কবির হোসেন জানান, বেড়িবাঁধের ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। যে কোনো মুহূর্তে বেড়িবাঁধের বাকি অংশটুকু ভেঙে লোকালয়ে পানি ঢুকে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে জনজীবনে।

বাঁশবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আবুল কালাম জানান, এর আগে ভাঙনের বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। তারা বালির বস্তা ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করবে বলে জানিয়েছিল। কিন্তু এখনো তারা কোনো পদক্ষেপ নেয়নি। পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সালেহ আহমেদ জানান, বাঁশবাড়িয়া লঞ্চঘাট থেকে ৩০০ মিটার বেড়িবাঁধ ভাঙন প্রতিরোধে সংস্কারের প্রস্তাবনা রয়েছে।