গত সপ্তাহের তিন দিনেই শেয়ারবাজারে ফিরেছে ১০ হাজার কোটি টাকা

ইত্তেফাক রিপোর্ট

করোনা ভাইরাসের প্রকোপ রোধে সাপ্তাহিক ছুটির পাশাপাশি ১ আগস্ট ও ৪ আগস্ট দুদিন ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন বন্ধ ছিল। ফলে ২ আগস্ট থেকে ৫ আগস্ট মোট তিন কার্যদিবস দেশের পুঁজিবাজারে লেনদেন হয়েছে। লেনদেন হওয়া তিন দিনেই সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। তাতে লেনদেন, সূচক এবং বাজার মূলধন তিনটিরই নতুন রেকর্ড গড়েছে দেশের পুঁজিবাজার।

গত সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) আগের সপ্তাহের চেয়ে ১৭০ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৫৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। যা সূচকটির ইতিহাসে সর্বোচ্চ স্থানে রয়েছে। এই সূচকের পাশাপাশি ডিএসইর অন্য দুই সূচক ডিএসইএস সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৩৯ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৫৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৩৮৫ পয়েন্ট দাঁড়িয়েছে। এ দুটি সূচকও ইতিহাসের সেরা স্থানে অবস্থান করছে।

বেশির ভাগ শেয়ার ও সূচক বাড়ায় নতুন করে গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন অর্থাত্ বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ৯ হাজার ৯২১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৩০২ টাকা। শুধু তাই নয়, বাজার মূলধনের অতীতের সব রেকর্ড ভেঙে এখন ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৯৭২ টাকায় অবস্থান করছে। এর আগের পুরো জুলাই মাসে বিনিয়োগকারীদের পুঁজি ফিরেছে ২০ হাজার কোটি টাকা।

অন্যদিকে, প্রায় দুই মাস ধরে ২ হাজার কোটি টাকার নিচে লেনদেন হওয়া ডিএসইর লেনদেন এখন আড়াই হাজার কোটি টাকা অতিক্রম করেছে। এই অবস্থা ছিল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, বিদায়ি সপ্তাহে ডিএসইতে তিন দিনে মোট ৭ হাজার ১৩ কোটি ৯৯ লাখ ৫৭ হাজার ৩৯৬ টাকা লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে মোট পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ হাজার ১২৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৬৬৫ টাকা। অর্থাত্, আগের সপ্তাহের চেয়ে লেনদেন কিছুটা কমেছে। তবে গড় লেনদেন বেড়েছে। বিদায়ি সপ্তাহে গড় লেনদেন হয়েছে ২ হাজার ৩৩৭ কোটি টাকা। তার আগের সপ্তাহের গড় লেনদেন ছিল ১ হাজার ৪২৫ কোটি টাকা। অর্থাত্, গড় লেনদেন বেড়েছে ৯০০ কোটি টাকা।

এই সময়ে ডিএসইতে লেনদেন হওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৮৩টির, কমেছে ৮৩টির আর অপরিবর্তিত রয়েছে ১১টির। এর আগের সপ্তাহে লেনদেন হওয়া ৩৮১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছিল ১৯৯টি, কমেছিল ১৬৭টির আর অপরিবর্তিত ছিল ১১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। বেশির ভাগ শেয়ারের দাম বাড়ায় সূচকের বাজার মূলধন ৯ হাজার ৯২১ কোটি ৩০ লাখ ৬৭ হাজার ৩০২ টাকা বেড়ে ৫ লাখ ৪৪ হাজার ৩২৬ কোটি ১০ লাখ ৯৪ হাজার ৯৭২ টাকায় দাঁড়িয়েছে। যা এর আগের সপ্তাহে ছিল ৩৪ হাজার ৪০৪ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৬৭০ টাকা।

অন্য পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তিন কার্যদিবসে মোট ২৪৩ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৪৭৫ টাকা লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৬৯টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি কোম্পানির শেয়ারের। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সিএসইর প্রধান সূচক সিএসইএক্স আগের সপ্তাহের চেয়ে ৫৫৩ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ১৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে।