শরীফুলকে আইসিসির তিরস্কার

স্পোর্টস রিপোর্টার

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের তৃতীয় টি-২০ ম্যাচে আচরণবিধি ভাঙায় বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার শরীফুল ইসলামকে তিরস্কার করেছে আইসিসি। তার নামের পাশে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। গত শুক্রবার বোলিংয়ের সময় আচরণবিধির লেভেল-১ ধারা ভঙ্গ করেছেন শরীফুল।

অস্ট্রেলিয়ার ইনিংসের ১৮তম ওভারে ঘটনাটি ঘটেছিল। শরীফুলের বলে ক্যাচ তুলে ফিরেন মিচেল মার্শ। তাকে আউট করার পর অতিরিক্ত উদ্যাপন করেছেন বাংলাদেশের এ তরুণ। উদ্যাপনের সময় ব্যাটসম্যানের মুখের ওপর এসে উত্তেজিত হয়ে কথা বলেছেন, যা থেকে মার্শও রেগে যেতে পারতেন। অনফিল্ড আম্পায়াররা শরীফুলের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। ম্যাচ রেফারি নেয়ামুর রশীদ রাহুল এ শাস্তি ঘোষণা করেন। শরীফুল অপরাধ স্বীকার করায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।

যদিও ঘটনার সূত্রপাত শরীফুলের করা আগের ওভারে। যেখানে শরীফুলের একটা বল মার্শের শরীরে লেগেছিল, ব্যাটে-বলে করতে পারেননি এ অস্ট্রেলিয়ান। তারপরই ফলো থ্রু তে থাকা শরীফুলকে কিছু বলেছিলেন মার্শ। বাংলাদেশি এ তরুণের হয়ে মার্শকে জবাব দিয়েছিলেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। উইকেটকিপার নুরুল হাসান সোহানকেও কথা বলতে দেখা গেছে। পরে আম্পায়াররা এসে তাদের বাক্য-বিনিময় থামান।