স্পোর্টস রিপোর্টার
টোকিও অলিম্পিক গেমস পুরুষ বিচ ভলিবলে প্রথম বার চ্যাম্পিয়ন হয়েছে নরওয়ে। ইতিহাসের পাতায় নরওয়েকে তুলে আনতে দুই খেলোয়াড় ক্রিশ্চিয়ান সোরাম এবং আন্দ্রে ব্রেন্টসেন মল বড় ভূমিকা রেখেছেন। এই দুই খেলোয়াড়ের অসাধারণ নৈপুণ্যে নরওয়ে পুরুষ বিচ ভলিবলে ইতিহাস হয়ে গেলেন। গতকাল জাপানের সিওজাকি পার্ক বিচে অনুষ্ঠিত ফাইনালে নরওয়ে ২-০ গেমে রাশিয়ান অলিম্পিক কমিটিকে হারিয়েছে। প্রথম সেটে ২১-১৭ এবং দ্বিতীয় সেটে ২১-১৮ পয়েন্টে রাশিয়া অলিম্পিক কমিটিকে হারিয়ে স্বর্ণপদক জয় করে নরওয়ে। কাতার ব্রোঞ্জ পেয়েছে লাটভিয়াকে হারিয়ে।
নরওয়ের ক্রিশ্চিয়ান সোরাম এবং আন্দ্রে ব্রেন্টসেন মল দুজনই এই দলের নির্ভরযোগ্য খেলোয়াড়। রাশিয়ান খেলোয়াড়রা শুরুতেই চাপের মুখে ফেলেছিল নরওয়েকে। দলের ক্রিশ্চিয়ান সোরাম এবং আন্দ্রে ব্রেন্টসেন তখন পুরো চাপ সামাল দিয়ে উলটো চাপে ফেলে রাশিয়ান অলিম্পিক কমিটিকে। আন্দ্রে ব্রেন্টসেন মলের জন্য অলিম্পিকের স্বর্ণপদক অন্যরকম এক অনুভূতি। ব্রেন্টসেন মল বলছিলেন, তার স্বপ্ন ছিল মাকে ছাড়িয়ে যাওয়া। মলের মা বিচ ভলিবল খেলোয়াড়। ১৯৯৬ আটলান্টা অলিম্পিক গেমসে বিচ ভলিবলে খেলেছেন। মল বললেন, ‘বিচ ভলিবলে আমরা মা নবম স্থান পেয়েছিলেন। আমার স্বপ্ন ছিল আমি আমার মাকে ছাড়িয়ে যাব। আমার পরিবার আমাকে নিয়ে খুব খুশি।’