কালিয়াকৈরে ৩৭ যাত্রীবাহী বাস আটক, মামলা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলাচল করায় ৩৭টি যাত্রীবাহী বাস আটক করেছে সালনা থানা হাইওয়ে পুলিশ। গতকাল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার চন্দ্রা বাসস্টেশনে  অভিযান চালিয়ে  এসব বাস আটক করা হয়। হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসগুলো তিন থেকে চারগুণ বেশি ভাড়া নিয়ে রাতে চলাচল করে। গতকাল সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার চন্দ্রা বাসস্টেশন এলাকায় হাইওয়ে পুলিশের চেকপোস্ট অতিক্রম করার সময় গাজীপুর রিজিওনের পুলিশ সুপার আলী আহমেদ খানের নির্দেশে বাসগুলো আটক করা হয়। আটক বাসগুলোর বিরুদ্ধে সালনা হাইওয়ে থানা পুলিশ মামলা দায়ের করেছে। সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর গোলাম ফারুক জানান, বাসের কিছু চালক  মাত্রাতিরিক্ত  ভাড়ার লোভে রাতে যাত্রী বহন করছে। বিধিনিষেধ অমান্য করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগের দিনও উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী ৪০টি যাত্রীবাহী বাস আটক করে গাজীপুর হাইওয়ে পুলিশ।