ধামরাইয়ের সেই নেতা অবশেষে বহিষ্কার

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

ধামরাইয়ে এক নেতাসহ কয়েক জনের যোগসাজশে কথিত একটি টর্চার সেলে এক যুবককে আটকে রেখে নির্যাতন করে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে ১ লাখ টাকা নগদ আদায়ের ঘটনার খবর ইত্তেফাকে প্রকাশিত হওয়ার পর উপজেলার বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটি গত শুক্রবার বিকালে এক জরুরি সভা ডাকে।

সভায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অভিযুক্ত আব্দুল গণি সুমনকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। এ সময় বিপুলসংখ্যক বিক্ষুব্ধ নেতাকর্মী ও জনতা ঐ নেতাকে সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী, নারী লোলুপ বলে অভিহিত করে মুহুর্মুহু শ্লোগান দিয়ে মিছিল করে এবং তাকে বহিষ্কারের দাবি জানাতে থাকে। এসব অভিযোগে ঐ নেতাকে অবশেষে বহিষ্কার করা হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান ঐ নেতার বহিষ্কারের    বিষয়টি নিশ্চিত করেন।