গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীর ২১ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলরের টোকেন ছাড়া অনেকে টিকা নিতে পারেননি। করোনার টিকা নেওয়ার জন্য স্থানীয় কাউন্সিলরের স্বাক্ষরযুক্ত টোকেন নিতে হচ্ছে। এ টোকেন ছাড়া কাউকেই টিকা নিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করছেন স্থানীয়রা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেন, গতকাল সকালে বিপ্রবর্থা স্কুল কেন্দ্রে টিকা নিতে গেলে দায়িত্বপ্রাপ্তরা তাদের কাছে কাউন্সিলরের দেওয়া টোকেন দেখাতে বলেন। তা না থাকায় অনেকে কেন্দ্র থেকে বাড়ি ফিরে যান। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর এস এম ফারুক আহমেদ বলেন, ‘আমার ওয়ার্ডে প্রায় ২২ হাজার লোক রয়েছে। স্থানীয় গণ্যমান্যদের সঙ্গে পরামর্শ করে ছয়টি এলাকা থেকে ১০০ জন করে বাছাই শেষে তাদের টিকার টোকেন দিয়েছি যাতে বিশৃঙ্খলা না হয়।’ গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, সিটির নাগরিকরা কেবল জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকাদান কেন্দ্রে গেলেই করোনার টিকা দেওয়া হবে। এ জন্য কারো টোকেনের প্রয়োজন নেই। যদি কেউ তা দিয়ে টিকার ব্যবস্থা করেন সঠিক করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।