করোনা চিকিত্সায় বেসরকারি হাসপাতাল

১৮৫ শয্যায় ৫৩০ জনবল দিয়ে চিকিত্সাসেবা দিচ্ছে পপুলার

সরকারের আহ্বানে সাড়া দিয়ে ননকোভিড রোগীদের পাশাপাশি করোনা রোগীদেরও চিকিত্সাসেবা দিয়ে যাচ্ছে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলো। এর মধ্যে অন্যতম হলো ধানমন্ডির পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতাল। এই হাসপাতালে করোনা রোগীদের জন্য ১৮৫টি শয্যা রয়েছে। এরমধ্যে আইসিইউ ও এইচডিও বেড রয়েছে ৫৫টি। কেবিন আছে ৬০টি। বাকিগুলো সাধারণ শয্যা। চিকিত্সক, নার্সসহ মোট ৫৩০ জনবল দিনরাত ২৪ ঘণ্টা এই হাসপাতালে করোনা রোগীদের চিকিত্সাসেবা দিচ্ছেন। এর মধ্যে ১১০ চিকিত্সক, ২৫০ নার্স ও অন্য স্বাস্থ্যসেবা কর্মী রয়েছেন ১৭০ জন। 

গত বছর এপ্রিল থেকে পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতাল করোনা রোগীদের চিকিত্সাসেবা প্রদান শুরু করে। এরপর থেকে এই সেবা এখনো চালু আছে। প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন কোভিড রোগী ভর্তির জন্য অপেক্ষায় থাকে। এছাড়া অনেক রোগীকে বহির্বিভাগে চিকিত্সা দিয়ে ছেড়ে দেওয়া হয়। শুধু যাদের ভর্তির প্রয়োজন তাদের ভর্তির পরামর্শ দেওয়া হয়। করোনা পরীক্ষার জন্য অত্যাধুনিক আরটিপিসিআর মেশিন বসানো হয়েছে। অন্যান্য রোগ নির্ণয়ের জন্য আলাদা প্যাথোলজি ল্যাব এবং এক্সরে মেশিনের ব্যবস্থা করা হয়েছে। করোনার শুরুতে যখন রোগীর সংখ্যা বাড়ছিল, তখন             সরকারি হাসপাতালগুলো চিকিত্সাসেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছিল। তখন করোনা রোগীদের চিকিত্সাসেবা দিতে সরকারের পক্ষ থেকে বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছিল। সেই আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসে পপুলার মেডিক্যাল কলেজ হাপসাতাল। এছাড়া গত বছরের এপ্রিল থেকে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা চালু করেছে রাজধানীর পপুলার মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিশ্বময় করোনা মহামারির এই আপত্কালে হাসপাতালটির আউটডোর ও ইমার্জেন্সি চিকিত্সাসেবার পাশাপাশি বিশেষজ্ঞরা এখন থেকে ফোনে দেশের মানুষকে চিকিত্সা পরামর্শ দিচ্ছেন।

পপুলার মেডিক্যাল কলেজ হাপসাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ ইশতিয়াক সাজ্জাদুর রহমান জানান, আমরা দিনরাত ২৪ ঘণ্টা করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল হিসেবে সম্পূর্ণ আলাদা ইউনিটে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিচ্ছে পপুলার মেডিক্যাল কলেজ হাপসাতাল।