চট্টগ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. কাজল ওরফে ধামা কাজল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত কাজল গরুবোঝাই ট্রাকচালক হত্যা মামলার আসামি। গত শুক্রবার রাত দেড়টায় নগরীর বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডের ৪ নম্বর ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
র্যাব-৭-এর উপ-অধিনায়ক মেজর মো. নাছির উল খান বলেন, কাজল গরুবোঝাই ট্রাকে গুলি চালিয়ে সেটির চালককে হত্যার সঙ্গে জড়িত। শুক্রবার রাতে বায়েজিদ লিংক রোডে একদল ডাকাত অবস্থান করছে খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে যায়। এ সময় ডাকাতদল র্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র্যাবও পালটা গুলি ছুড়ে। পরে সেখান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা নিহত ব্যক্তির নাম ধামা কাজল বলে শনাক্ত করে। পরে ঘটনাস্থল থেকে ডাকাতদলের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করা হয়।’
উল্লেখ্য, গত ১৬ জুলাই ভোরে বায়েজিদ- ফৌজদারহাট লিংক রোডে কোরবানির পশু বোঝাই ট্রাকচালক আবদুর রহমানকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় দায়ের হওয়া মামলায় ইতিমধ্যে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।