মিরসরাইয়ে ডাকাতিসহ চার মামলার আসামি যুবলীগ নেতা বদরুল ইসলাম (৩২) প্রকাশ শিবলুকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে তাকে উপজেলার মলিয়াইশ এলাকা থেকে আটক করে মিরসরাই থানাপুলিশ।
শিবলু উপজেলার সাহেরখালী ইউনিয়নের দক্ষিণ মঘাদিয়ার ১ নম্বর ওয়ার্ডের আব্দুল মান্নানের ছেলে। তিনি সাহেরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
জানা গেছে, শিবুল চরাঞ্চলের এক সময়ের ত্রাস খান গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িয়ে যান। পরবর্তীকালে সাহেরখালী ইউনিয়ন যুবলীগের দায়িত্ব পান। এরপর থেকে তিনি সাহেরখালী, মঘাদিয়া উপকূলীয় এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছেন।
মিরসরাই উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা বলেন, কেউ যদি অপকর্ম করে সেটা তার ব্যক্তিগত বিষয়। শিবলুর অপকর্মের দায়ভার সংগঠন কাঁধে নেবে না।
মিরসরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দীনেশ দাশ গুপ্ত জানান, বদরুল হাসান শিবলুর বিরুদ্ধে থানায় একটি ডাকাতি, দুটি চুরি ও একটি মারামারির মামলা রয়েছে। রবিবার শিবলুকে আদালতে প্রেরণ করা হবে।