ইসরায়েলি ট্যাঙ্কারে হামলার অভিযোগ অস্বীকার ইরানের

ইসরায়েলি ট্যাঙ্কারে হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সায়েদ খাতিবজাদেহ বলেন, ট্যাংকারে হামলার ঘটনায় ইরানকে অভিযুক্ত করে জি-৭-এর পররাষ্ট্রমন্ত্রী ও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির পক্ষ থেকে দেওয়া ভিত্তিহীন বিবৃতির তীব্র নিন্দা জানাচ্ছে তেহরান। বিশ্লেষক এবং এই অঞ্চলের ইতিহাস যারা জানেন, তাদের কাছে এটা নতুন বিষয় নয়। ইহুদি রাষ্ট্রটি বিভিন্ন সময় এমন ষড়যন্ত্র করেছে।

ওমান উপকূলে গত সপ্তাহে লন্ডনভিত্তিক জোডিয়াক মেরিটাইমের এমভি মার্সার স্ট্রিট নামের জ্বালানি তেলের ট্যাংকারে ড্রোন হামলা হয়। ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার প্রতিষ্ঠানটির মালিক। ট্যাংকারটি লাইবেরিয়ার পতাকা বহন করছিল। ড্রোন হামলায় ট্যাংকারে থাকা দুজন নিহত হন। তাঁদের একজন যুক্তরাজ্যের, অপরজন রোমানিয়ার নাগরিক।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সেখারচি দেশটির সরকারি বার্তা সংস্থাকে বলেন, যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ঘটনাস্থলের পাশ থেকে ইরানি ড্রোনের অংশবিশেষ পাওয়া গেছে। কিন্তু কোন গবেষণাগারে তারা এটাকে ইরানি ড্রোন বলে শনাক্ত করলো? এটা যুক্তরাষ্ট্রের একটি প্রক্রিয়া, এমন ঘটনা ঘটলেই ইরানকে অভিযুক্ত করা হয়। ইরানকে চাপে ফেলতে তারা বরাবর এই প্রক্রিয়া বেছে নেয়।

ইত্তেফাক/এসএ