কাজের ক্ষেত্রে বরাবরই আপোসহীন ছিলেন

আলিফ আলাউদ্দিন

আব্বুুর সঙ্গে অসংখ্য স্মৃতি জড়িয়ে আছে। কোনটা রেখে কোনটা বলবো! আব্বু চলে যাওয়ার ১ বছর পূর্ণ হলেও তার স্মৃতিগুলো প্রতিটি মুহূর্তে আমাকে জানান দেয় তিনি এখনো আছেন। বাবাকে হারিয়ে ছোটবেলার একটা কথা খুবই মনে পড়ে। ছোটবেলায় আব্বু-আম্মু আমাকে নিয়ে নেপাল ভ্রমণে গিয়েছিলেন। একদম বাংলা সিনেমার মতো আব্বু আমাকে কোলে নিয়ে নৌকা চালিয়েছিলেন। এখনো চোখ বুজলে মনে হয় আব্বুর কোলো বসে আছি। আব্বু নিখুঁত ও গুছিয়ে কাজ করা পছন্দ করতেন। ছোটবেলায় দেখতাম স্টুডিওতে একটি গান রেকর্ডিংয়ের সময় তিনি কীভাবে সবকিছু ম্যানেজ করতেন। একসঙ্গে অনেক শিল্পী বাজাচ্ছেন, বুমে কণ্ঠশিল্পী কণ্ঠ দিচ্ছেন। তারপরও আব্বু বলতেন এটা এভাবে বাজাতে হবে, এই এক্সপ্রেশনটা এভাবে দিতে হবে। অবাক হয়ে তাকিয়ে থাকতাম আর ভাবতাম সব তো ঠিকই মনে হচ্ছে, তারপরও আব্বু কেন ‘না’ করছে! তখন ভাবতাম যদি কখনো মিউজিক করি তবে আব্বুর মতো করেই করবো। কিন্তু সেটা তো সম্ভব না। কারণ আলাউদ্দিন আলী একজনই হয়। তবে আমি সৌভাগ্যবান যে, আলাউদ্দিন আলীর মেয়ে হতে পেরেছি। আব্বু খুবই সাদাসিধে ছিলেন। তার গানে দেশীয় ঘরানার ছোঁয়া বেশি দেখা গেলে তিনি রক মিউজিক থেকে শুরু করে বিদেশি গানগুলোও শুনতেন। তিনি শুধু পুরনো শিল্পীদের নিয়ে কাজ করতেন না। নতুন শিল্পীদের নিয়ে এক্সপ্রেরিমেন্ট করা, তাদের বোঝা, তাদের গান শোনা-এমন অসংখ্য গুণ তার ভেতরে ছিল। নানা ধরনের গান শুনে তিনি নিজেকে আরো শাণিত করতেন। আব্বুর সঙ্গে আমার সম্পর্ক এতটাই ভালো ছিল যে ভাষায় প্রকাশ করা যাবে না। আমার ব্যক্তিজীবন বা ক্যারিয়ারে কখনোই কোনোকিছু জোর করে চাপিয়ে দিতেন না। তবে কাজের ক্ষেত্রে তিনি বরাবরই আপোসহীন ছিলেন। আমার প্রথম দুটি অ্যালবাম করতে গিয়ে এই বিষয়টি আরো স্পষ্ট হয়েছিল। তখন মনে হয়েছে আব্বুর সঙ্গে কাজ করা কতটা কঠিন! মেয়ে বলে কোনো ছাড় তিনি দেননি। গান রেকর্ডিংয়ের সময় মনে হয়েছে আমি সংগীতশিল্পী, তার মেয়ে না। তখন ছোট ছিলাম, তাই অনেককিছু না বুঝে বকাও খেয়েছি। আব্বু অনেক ভালো এক্সপ্রেশন দিতে পারতেন। তাছাড়া তার কণ্ঠে এমন কিছু সুর ছিল, যা শিল্পীদের রপ্ত করা কঠিন হতো। সেগুলো সবময়ই নিজের মাঝে ধারণ করার চেষ্টা করতাম। আমার ২৫ বছরের মিউজিক ক্যারিয়ারে কারো সঙ্গে কখনো বৈরিতা তৈরি হয়নি। সিরিয়র-জুনিয়র হিসেব না করে সবাইকে আপন করে নেওয়ার গুণটা আব্বুর কাছ থেকেই পেয়েছি। শুধু স্মৃতিচারণ নয়, আব্বুকে বাঁচিয়ে রাখতে তার অসংখ্য জনপ্রিয় গানের ভেতরে যে গানগুলো আমার কণ্ঠে যায় সেগুলো গাওয়ার ইচ্ছে আছে। আব্বু যেখানে থাকুক, ভালো থাকুক।

লেখক :সংগীতশিল্পী