ডিম্পলের অপেক্ষায়...

 বিনোদন ডেস্ক

 

বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি তার মুক্তি প্রতীক্ষিত ‘শেরশাহ’ সিনেমার প্রচারণা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে নির্মিত এই সিনেমাটিতে তার বিপরীতে দেখা যাবে সিদ্ধার্থ মালহোত্রাকে। সিনেমাটিতে কিয়ারা বিক্রম বাত্রার বাগদত্তা ডিম্পল চিমার চরিত্রটি রূপায়ণ করেছেন। চরিত্রটিতে অভিনয়ের আগে তিনি ডিম্পলের সঙ্গে দেখাও করেছিলেন। সম্প্রতি এক সাক্ষাত্কারে কিয়ারে সে সময়ের অভিজ্ঞতা ও সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে বলেন, ‘যখন স্ক্রিপ্টটি পড়ি তখন খুবই আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। ডিম্পলের সঙ্গে একবার হলেও দেখা করার জন্য উদগ্রীব ছিলাম। আমি খুবই সৌভাগ্যবান যে শুটিংয়ের আগে তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছিলাম। আমি তার সঙ্গে বিক্রমের অনুভূতিগুলো জানার চেষ্টা করেছিলাম এবং তিনি তা শেয়ারও করেছিলেন। যা আমাকে চরিত্রটি ফুটিয়ে তুলতে সাহায্য করেছে। এ ধরনের চরিত্রের সবকিছুই দর্শকরা জানেন। তাই সঠিকভাবে রূপায়ণ করতে না পারলে তারা গ্রহণ করবেন না। এই কথাটি মাথায় রেখে কাজ করার চেষ্টা করেছি। আশা করছি দর্শকরা সেই আমাকে নয়, সেই সময়ের ডিম্পলকে দেখতে পাবেন। সিনেমাটি দেখে ডিম্পল কী মন্তব্য করেন সেটা শোনার অপেক্ষায় আছি।’ উল্লেখ্য, করণ যোহর প্রযোজিত ও বিষ্ণু বর্ধন পরিচালিত এই সিনেমাটি আগামী ১২ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে।