আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে রবিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে ২২ কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিল এবং একটি পিকআপ জব্দ করেছে র্যাব। এ সময় পাঁচ জনকে আটক করা হয়। র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অভিযানিক দল উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার কাছে ঢাকাগামী একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো. শফিকুল ইসলাম, মো. শামীম মিয়া ও মো. ছাইদুল ইসলামকে আটক করে। একই দিন একই স্থান থেকে দুই কেজি গাঁজা ও ২৩ বোতল ফেনসিডিলসহ মো. জীবন মিয়া ও সোলাইমান মিয়াকে আটক করা হয়। র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আটককৃতদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।