হাকিমপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকের লাশ উদ্ধার

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

হাকিমপুর উপজেলার বৈগ্রাম এলাকা থেকে কার্তিক কিচকু (৩৫) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার সকালে পুলিশ তার লাশ উদ্ধার করে। কার্তিক উপজেলার চন্ডিপুর আদিবাসী পাড়ার লগেন কিচকুর ছেলে। হাকিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, কার্তিক কিচকু শনিবার বিকালে বৈগ্রাম মাঠে ঘাস কাটতে যায়। এরপর আর না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। একপর্যায়ে রবিবার সকালে পথচারীরা বৈগ্রাম সড়কের পাশে আমন খেতে একটি লাশ উপুড় হয়ে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।