সংবাদ সংক্ষেপ

নাগরপুরে ঘন ঘন লোডশেডিং

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতাভুক্ত হওয়ার পরও পিছু ছাড়ছে না লোডশেডিং নামক ব্যাধি। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রমসহ সব ডিজিটাল সুবিধা। নাগরপুর সদর বাজারের ব্যবসায়ী মোশারফ হোসেন জানান, আকাশে মেঘ দেখলেই বিদ্যুত্ চলে যায়। এছাড়া রক্ষণাবেক্ষণ কাজের অজুহাতে সপ্তাহের দুই দিন দিনব্যাপী বিদ্যুত্ সরবরাহ বন্ধ রাখা হয়। কথা হয় অন্য ব্যবসায়ী শফিকুল ইসলামের সঙ্গে। তিনি জানান, দিনে কতবার বিদ্যুত্ যায় সে হিসাব এখন আর রাখি না। কখন আসে সেই অপেক্ষায় থাকতে হয়। বাজারের ক্ষুদ্র উদ্যোক্তা কম্পিউটার প্রশিক্ষক রবিন শিকদার জানান, আমার ব্যবসাটাই মূলত বিদ্যুিনর্ভর। ঘন ঘন লোডশেডিংয়ের ফলে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। এছাড়া তীব্র দাবদাহের সঙ্গে লোডশেডিং যোগ হয়ে জনজীবন অতিষ্ঠ করে তুলেছে। এদিকে টাঙ্গাইল পল্লী বিদ্যুত্ সমিতি নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মোহাম্মদ মেশবাহুল হক নাগরপুরে কোনো লোডশেডিং নাই উল্লেখ করে বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুত্ বিভ্রাট ঘটে। তবে দ্রুত সময়ের মধ্যে এ সংকটের উত্তরণ ঘটবে।

উখিয়ায় বেড়েছে নিত্যপণ্যের দাম

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রশাসনের কড়াকড়ি আরোপের ফলে আয়-রোজগার কমে গেছে বেশির ভাগ মানুষের। এমন পরিস্থিতিতে হাটবাজারে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকা কষ্টকর হয়ে উঠেছে। প্রশাসনের পক্ষ থেকে দোকানে মূল্য তালিকা প্রদর্শনের দিকনির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না। হাটবাজার ঘুরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। উখিয়া দক্ষিণ স্টেশন, কোটবাজার চালের মোকাম ও খুচরা চাল বাজার ঘুরে দেখা গেছে, মোটা চাল ৪৬ থেকে ৪৮ টাকা ধরে বিক্রি হচ্ছে। মাঝারি মানের বি.আর-২৮ চালের দাম উঠেছে ৫০ থেকে ৫২ টাকায়। সরু মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬৫-৭০ টাকায়। উখিয়া চাতাল মালিক সমিতির সভাপতি কবির আহমদ সওদাগর জানান, কৃষকের কাছ থেকে চাল কিনে মিল মালিকেরা মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করায় বাজারে চালের দাম বেড়েছে। মুরগির বাজারে কক মুরগির দাম বেড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ বলছেন, বাজার পরিদর্শন ও বিভিন্ন বিষয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সুনামগঞ্জ সদর হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর

সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালকে ২০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রি। রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের হল রুমে সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিনের হাতে ২০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।  এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, সহকারী কমিশনার ভূমি সাদিয়া সুলতানা, চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সহ-সভাপতি খন্দকার মঞ্জুর আহমদ প্রমুখ।

হোমনায় গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেফতার ৮

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা উপজেলার ভাষানিয়া ইউনিয়নের ওমরাবাদ ও কাশিপুর গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষের ঘটনায় শনিবার রাতে দুটি মামলা হয়েছে। এদিকে, শনি ও শুক্রবারের সংঘর্ষের ঘটনায় রবিবার কাশিপুর বাজারের দোকানপাট খোলেনি। থমথমে অবস্থা বিরাজ করছে। হোমনা থানার ওসি আবুল কায়েস আকন্দ বলেন, দুটি মামলায় এজাহারকৃত আট আসামিকে গ্রেফতার করে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিক জানান, শনিবারের ঘটনার পর থেকে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

 আখ চাষ বৃদ্ধির লক্ষ্যে সভা

পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা রাজশাহী চিনিকলের পুঠিয়া সাবজোন আয়োজিত ২০২১-২২ রোপণ মৌসুমে আখ চাষ বৃদ্ধি ও সংগ্রহের লক্ষ্যে রবিবার দুপুরে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আখচাষিদের নিয়ে সাবজোন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সাবজোন সভাপতি সাজেদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান কবির।

ডেঙ্গু মশার নিধন কার্যক্রম উদ্বোধন

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুর পৌরসভায় রবিবার ফগার মেশিনের সাহায্যে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে ডেঙ্গু মশা নিধন কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা প্রমুখ উপস্থিত ছিলেন।