সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা
সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে সি-ট্রাক সার্ভিস চালু হতে যাচ্ছে। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ১২ আগস্ট সাভির্সের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সি-ট্রাক সার্ভিস চালুর জন্য ইতিমধ্যে যমুনার পশ্চিম পাড় বগুড়ার সারিয়াকান্দি ঘাট ও পূর্ব পাড় জামালপুরের মাদারগঞ্জে যমুনা নদীতে পন্টুন স্থাপন করেছে।
সি-ট্রাক সার্ভিস চালুর খবরে দুই পাড়ের মানুষ আনন্দিত। তবে তারা দ্রুত ফেরি সার্ভিস চালুর দাবি জানিয়েছেন। বহুকাল থেকে বৃহত্তর ময়মনসিংহ জেলার জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার মানুষ ব্যবসা-বাণিজ্য, আত্মীয়তা, চাকরি ও আন্যান্য প্রয়োজনে বগুড়াসহ উত্তর বঙ্গের বিভিন্ন শহরে এই নৌরুটে জীবনের ঝুঁকি নিয়ে প্রমত্ত যমুনা পাড়ি দিয়ে যাতায়াত করে থাকে। তাই নদী পথে যাতায়াতের সুবিধার জন্য দুই জেলার মানুষ সারিয়াকান্দি-মাদারগঞ্জ নৌরুটে ফেরি সার্ভিস চালুর দাবি জানিয়ে আসছিল। বিভিন্ন সরকারের আমলে এই রুটে সম্ভাব্যতা যাচাই, অর্থনৈতিক সমীক্ষা ও সার্ভে করা হয়। ফেরি সার্ভিস চালুর দাবিতে ২০০৬ সালে সারিয়াকান্দি ও মাদারগঞ্জবাসী একযোগে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে। বর্তমান সরকারের আমলে এমপি আব্দুল মান্নান (সারিয়াকান্দি-সোনাতলা) ও এমপি মির্জা আজম (মাদারগঞ্জ-মেলান্দহ) ফেরি সার্ভিস চালুর জন্য উদ্যোগ নেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেন। এই প্রেক্ষাপটে গত বছর ৫ জুলাই মন্ত্রণালয়ের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল নৌরুট পরিদর্শন করে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক ইত্তেফাককে বলেন, আপাতত সি-ট্রাক সার্ভিস চালু করা হচ্ছে। পরে বিআইডব্লিউটিসির সঙ্গে যোগাযোগ করে এই রুটে ফেরি সার্ভিস চালু করা হবে। কয়েক দিনের মধ্যে ঘাটে সি-ট্রাক নিয়ে আসা হবে।
সারিয়াকান্দি-মাদারগঞ্জ সি-ট্রাক সার্ভিস চালু হলে সহজে এবং স্বল্প সময়ে নদী পারাপার সম্ভব হবে। বর্তমানে বগুড়া থেকে বঙ্গবন্ধু সেতু হয়ে জামালপুর, শেরপুর যেতে সময় লাগে তিন/চার ঘণ্টা। কিন্তু সি-ট্রাক সার্ভিস চালু হলে ৭০ কিলোমিটার দূরত্ব কমে যাবে এবং সময় সাশ্রয় হবে। নদী পথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় আন্তঃজেলা বাণিজ্যের সম্প্রসারণ ঘটবে। যমুনার দুই পাড়ের বন্দরে গড়ে উঠবে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নানা কর্মকাণ্ডে বহুসংখ্যক মানুষের কর্মসংস্থান হবে। গতিশীল হবে এ অঞ্চলের কৃষি অর্থনীতি। এ ব্যাপারে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি জানান, ১২ অগস্ট বেলা ১০টায় মাদারগঞ্জের জামথল ঘাটে সি-ট্রাক চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। এ উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, সরিয়াকান্দি-মাদারগঞ্জ ফেরি সার্ভিস চালুর বিষয়ে ইত্তেফাকে একাধিক রিপোর্ট প্রকাশিত হয়। ‘১৩ বছরেও চালু হয়নি সারিয়াকান্দি-মাদারগঞ্জ ফেরি সার্ভিস’ শিরোনামে একটি রিপোর্ট গত ২৯ মার্চ ইত্তেফাকে প্রকাশিত হয়।