অবৈধভাবে মত্স্য আহরণ
ভোলা (দক্ষিণ) প্রতিনিধি
অবৈধভাবে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মত্স্য আহরণের সময় ১৩ জন ভারতীয় জেলেসহ একটি মাছ ধরার ট্রলার জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ সোনার বাংলা। শনিবার রাতে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ সোনার বাংলা সমুদ্রে টহলরত অবস্থায় বাংলাদেশের জলসীমায় একটি বিদেশি মাছ ধরার ট্রলারকে অবৈধভাবে মত্স্য আহরণ করতে দেখে। ট্রলারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কোস্টগার্ডের টহলরত জাহাজ তাদের ধাওয়া করে মোংলা ফেয়ারওয়ে বয়া থেকে ১৫ দশমিক ৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে বাংলাদেশের জলসীমানা হতে জব্দ করে। বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আমিরুল হক রবিবার দুপুরে জানান, জব্দকৃত ট্রলার ও আটককৃত ১৩ জন ভারতীয় জেলেকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।