চাটখিল ও সোনাইমুড়ি (নোয়াখালী) সংবাদদাতা
চাটখিল উপজেলার মানিকপুর গ্রামের মাইজের বাড়িতে রবিবার ভোরে ঘরে ঢুকে স্বামী ও স্ত্রীকে কুপিয়ে জখম করেছে মুখোশধারী সন্ত্রাসীরা। হামলায় গুরুতর আহতরা হলেন—ঐ বাড়ির বদিউজ্জামানের ছেলে হুমায়ন কবির ও তার স্ত্রী শেপালী বেগম। তাদের স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন। আহত হুমায়ন কবির জানান, রবিবার ভোর ৪টার দিকে মুখোশধারীরা দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। তাদের মধ্যে চার জন খাটের ওপর উঠে তাকে ও তার স্ত্রীকে এলোপাতাড়ি কোপাতে থাকে। হামলাকারীরা তাদের দুজনকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে পালিয়ে যায়। চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, এখন পর্যন্ত থানায় মামলা হয়নি। তবে পুলিশ ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছে।