বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান
বরিশাল অফিস
বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মো. মইদুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর সব লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদায়ী, ইতিহাসের সাহসী নারী, বাঙালির আপনজন বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব। স্বাধীনতার ইতিহাসে বঙ্গমাতা শেখ ফজিলাতুর নেছা মুজিবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। কোনো পদ-পদবির অধিকারী না হয়েও তিনি ছিলেন নারীর রাজনৈতিক ক্ষমতায়নের এক অনন্য প্রতীক। তিনি ছিলেন এক অসামান্য দৃঢ়তা, আত্মপ্রত্যয়, দৃঢ় মনোবল, সাহস এবং অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। বরিশাল জেলা পরিষদের হলরুমে বঙ্গমাতার ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জীবনীর ওপর আলোচনাসভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। আলোচনাসভার পূর্বে ১৫ আগস্টে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদের স্মরণে শোক প্রস্তাব ও দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এদিকে আলোচনাসভা শেষে বরিশাল জেলা পরিষদের ২০২১-২০২২ অর্থ বছরের বাজেট ও মাসিক সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. শহীদুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান আরজু, প্যানেল চেয়ারম্যান মাওলাদ হোসেন সানাসহ জেলা পরিষদের সদস্য ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।