ইত্তেফাক রিপোর্ট
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে নির্বাচন কমিশনের মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা-কর্মচারী আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত ইসির ২১৬ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেন ৯ জন। সর্বশেষ গতকাল রবিবার দুপুরে মারা গেছেন আরেক জন। তাজুল ইসলাম নামে ঐ ব্যক্তি বরিশালের বাবুগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১২৯ জন। অন্যরা চিকিত্সা নিচ্ছেন। নির্বাচন কমিশন শুরু থেকে মাঠ পর্যায়ের অফিস খোলা রেখে এনআইডিসহ অন্যান্য সেবা দিয়ে আসছে।
গত ৩ আগস্ট করোনা আক্রান্ত হয়ে মারা যান নির্বাচন কর্মকর্তা এ বি এম সাইফুজ্জামান। তিনি ময়মনসিংহের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন। এর আগে গত ২৫ জুলাই সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইসরাইল হোসেন ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মো. এনামুল হক করোনা ভাইরাসে মারা যান।
করোনা আক্রান্ত হয়ে ২০২০ সালে মারা গেছেন নারায়ণগঞ্জের বন্দর থানায় কর্মরত সাবেক উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইবুর ও ঝিনাইদহের কালিগঞ্জের অফিস সহায়ক মো. বাবলুর করিম। সম্প্রতি মারা গেছেন মৌলভীবাজারের রাজনগর উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা আলিফ লায়লা, চট্টগ্রামের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মো. আতাউর রহমান ও পটুয়াখালীর কলাপাড়ার সাবেক অফিস সহায়ক শহিদুল ইসলাম।